হরেক রকম রান্না থেকে শুরু করে পুজোর নাড়ু তৈরি কিংবা অন্যান্য প্রসাদ তৈরির কাজে কমবেশি সকলেই নারকেলের ব্যবহার করে থাকেন। তাই বেশিরভাগ সময় নারকেলের ভেতরের শাঁস আর জল টুকু খাওয়ার জন্য ব্যবহার করার পর বাইরের শুকনো খোসা ফেলে দেওয়া হয়। অথচ এই ফেলে দেওয়া জিনিসই কেউ কেউ টাকা দিয়ে কিনতে যান দোকানে।
তাই এবার থেকে আপনারাও নারকেলের খোসা, ফেলে না দিয়ে সংগ্রহ করুন। আর কাজে লাগান এই ৫টি উপায়ে। তাই আজ জানাবো নারকেলের ছোবড়ার এই অপ্রয়োজনীয় অংশটিকে আপনারাও কীভাবে গৃহস্থালির প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন।
প্রদীপ বা ধূপকাঠি জ্বালানোর জন্য
বাঙালি বাড়িতে প্রায় সারাবছরই পুজো পার্বণ লেগে থাকে। তাই শুকনো নারকেলের খোসা ফেলে না দিয়ে তা যদি সংরক্ষণ করা যায় তাহলে তা পুজোর কাজে ব্যবহার করা যেতে পারে। ধূপ-ধুনো দেওয়ার জন্য হোক কিংবা হোমকুণ্ড, প্রদীপ অথবা ধূপকাঠি জ্বালানোর জন্য খুব ভালো এবং দীর্ঘস্থায়ী একটি প্রাকৃতিক জ্বালানি হতে পারে নারকেলের ছোবড়া।
বীজ থেকে চারা তৈরির জন্য
বাগানিদের কাছে খুবই প্রয়োজনীয় একটি পটিং মিক্স হল কোকোপিট। যা তৈরি হয় নারকেলের খোসা থেকে। এর মধ্যে থাকা ফাইবার ছোট বীজ থেকে দ্রুত চারা তৈরি হতে সাহায্য করে। নারকেলের ছোবড়া আর্দ্রতা ধরে রাখে। তাই বীজগুলো খুব দ্রুত অঙ্কুরিত হতে পারে।
গাছপালার বৃদ্ধিতে সাহায্য
নারকেলের ছোবড়া বা তুষ থেকে বিশেষ প্রক্রিয়ায় কোকোপিট তৈরি করা হয়। তার জন্য প্রথমেই নারকেলের খোসা আলাদা করে নিয়ে, সেটাকে খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। বেশিরভাগ গাছপ্রেমীরাই গাছের যত্ন নিতে কোকোপিট ব্যবহার করে থাকেন। আসলে কোকোপিট মিশ্রিত মাটি দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখতে পারে। তাই গাছপালার দ্রুত বৃদ্ধিতে কোকোপিট মিশ্রিত মাটি ব্যবহার করা হয়ে থাকে।
বাসন মাজার প্রাকৃতিক স্ক্রাবার
রান্নার বাসন মাজার জন্য নারকেলের ছোবড়া প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। রান্নার বাসনের চিটচিটে তেল-ময়লা কিংবা লোহার কড়াই-এর পোড়া দাগ তুলতে নারকেলের খোসা খুব ভাল কাজ করে। বাসনের কোনোরকম ক্ষতি না করেই নারকেলের ছোবড়া দিয়ে খুব ভালভাবে বাসন পরিষ্কার করা যায়। তবে নন-স্টিক বাসন মাজার ক্ষেত্রে এর ব্যবহার না করাই ভাল।
নারকেলের ছোবড়া দিয়ে ঝুলন্ত টবের বেস
বাড়িতে জায়গার অভাবে অনেকেই বারান্দায় টবের মধ্যে গাছ বসান। এক্ষেত্রে সবার বাড়িতেই কমবেশি, ঝুলন্ত টব থাকে। এইভাবে কম জায়গাতেও অনেক গাছ লাগানো যায়। এই ধরনের ঝুলন্ত টবে মিডিয়া তৈরি করার সময় শুরুতেই নারকেলের ছোবড়া দিয়ে বেস তৈরি করে নিলে তা খুব ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করে। এর ফলে টবের ভেতরের মাটি যেমন জলের সাথে ধুয়ে বেরিয়ে যায় না, তেমনই গাছের গোড়াতেও জল জমে না।
