ছবি: সংগৃহীত
-->এভারটনের বিপক্ষে ম্যাচে গুরুতর চোট পেয়ে চোয়ালে অস্ত্রোপচার করাতে হয়েছে আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের। সফল অস্ত্রোপচারের কয়েক ঘণ্টা পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে মাঠে ফেরার ব্যাপারেও আশাবাদী বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
হাসপাতাল থেকে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমর্থকদের ধন্যবাদ জানান মার্তিনেস। বার্তার শেষাংশে তিনি লেখেন, ‘আমরা কয়েক সপ্তাহের মধ্যেই ফিরছি।’
তার এই বার্তায় দ্রুত মাঠে ফেরার প্রত্যাশার ইঙ্গিত মিলেছে। তবে মাঠে ফিরতে তাকে প্রায় দেড় মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে। ফলে চেলসির আসন্ন ম্যাচগুলোর পাশাপাশি নভেম্বরের মাঝামাঝি আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচেও তার খেলা অনিশ্চিত।
আরও পড়ুন
এভারটনের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে ২০ মিনিটের দিকে ডিফেন্ডার জ্যারাড ব্রান্থওয়েটের সঙ্গে ধ্বাক্কায় গুরুতর চোট পান মার্তিনেস। প্রায় ১০ মিনিট মাঠে শুয়ে থাকার পর তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে তার ঘাড়, পিঠ ও মাথার খুলির সিটি স্ক্যানের ফল ইতিবাচক আসে। তবে পরীক্ষায় চোয়ালে ফ্র্যাকচার ধরা পড়ায় জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর এখন তার পুনর্বাসন প্রক্রিয়া ও মাঠে ফেরার প্রস্তুতিই মূল লক্ষ্য।
আরও পড়ুন
মার্তিনেসের সফল অস্ত্রোপচারের খবর প্রকাশ্যে আসার পর তার পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে মার্তিনেসের সঙ্গে একটি ছবি পোস্ট করে তার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
বার্তায় তাপিয়া লিখেন, ‘আমার প্রিয় দিবু, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। মানসিকভাবেও শক্ত থেকো। দূর থেকেই তোমাকে জড়িয়ে ধরলাম। আমার কোনো সন্দেহ নেই, তুমি আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ভালো কিংবা খারাপ-সব সময়ই আমি তোমার পাশে আছি। তোমাকে অনেক ভালোবাসি, আমার ভাই।’
পাপ্পু/
