স্বপ্নপূরণে শুধু ইচ্ছা থাকলেই হবে না, এর জন্য ধারাবাহিকতা, শৃঙ্খলা, দৃঢ় সংকল্প ও অধ্যবসায়ের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে স্কুল ও মাদরাসার প্রায় ৫০০ মেধাবী শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, সেটিই প্রকৃত স্বপ্ন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, জ্ঞানার্জন, আত্মবিশ্লেষণ ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল অর্জন করলেই চলবে না, প্রকৃত জ্ঞান ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জীবনের সফলতা শুধু ভালো চাকরি, পদ-পদবি কিংবা সামাজিক মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নয়। অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে মানুষের কল্যাণে এবং সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগানো শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত। বাংলাদেশের বিপুল মানবসম্পদ ও মেধাবী তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
শিক্ষাজীবনে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে ছাত্রশিবির সভাপতি বলেন, সময়ের সঠিক ব্যবহার, আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। পাশাপাশি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ, সংগঠনটির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আতিয়ার রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি। সঞ্চালনা করেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ।
স্কুল ও মাদরাসার বিভিন্ন শ্রেণিতে সেরা দশে স্থান অর্জনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে মেধার বিকাশ, নৈতিকতা, ব্যক্তিত্ব গঠন ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের শিক্ষা ও ব্যক্তিত্ব বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এমআর/এমএন
