আজকাল ওয়েবডেস্ক: 'ইন্ডিয়া' জোটের তরফে সুপ্রিম কোর্ট অভিমুখে আজ বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করছে পুলিশ। সোমবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মধ্য দিল্লির ছয়টি মেট্রো স্টেশনে প্রবেশ ও প্রস্থান বন্ধ রেখেছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। একইসঙ্গে ট্রাফিক পুলিশ একটি বিস্তারিত নির্দেশিকাও প্রকাশ করেছে। 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র বিক্ষোভের জেরে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখার দু'দিনের মাথায় দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) এই নতুন নির্দেশিকা জারি করল।
আজ বিকেল ৪টা পর্যন্ত যে স্টেশনগুলি বন্ধ থাকবে সেগুলি হল:
১. প্যাটেল চক
২. জনপথ
৩. রাজীব চক
৪. মান্ডি হাউস
৫. সেন্ট্রাল সেক্রেটারিয়েট
৬. বারাকাম্বা রোড
ডিএমআরসি এক 'এক্স' পোস্টে জানিয়েছে, "নিরাপত্তা জনিত কারণে ১২ অক্টোবর, ২০২৬ তারিখে সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছয়টি মেট্রো স্টেশনগুলিতে প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। পরবর্তীতে নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতি পর্যালোচনা করবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় তথ্য জানান হবে। তবে, সংশ্লিষ্ট সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা লাইন পরিবর্তনের সুবিধা চালু থাকবে।"
কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং মেট্রো স্টেশন বন্ধ থাকার ফলে সকাল ৬টা থেকেই বিভিন্ন রাস্তায় যানজটের আশঙ্কায় দিল্লি ট্রাফিক পুলিশ একাধিক জায়গায় যান চলাচলে ব্যাঘাত ও পথ পরিবর্তনের (ডাইভারশন) বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। এছাড়া, গত রাতের ভারী বৃষ্টির ফলে সৃষ্ট জলজমার কারণে আজ দিল্লি-এনসিআর-এ অফিসযাত্রী ও অন্যান্য যাত্রীদের জন্য যানজট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
ট্রাফিক ডাইভারশনের বিস্তারিত তথ্য
দিল্লি ট্রাফিক পুলিশ যাত্রীদের তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে নিয়মিত আপডেট অনুসরণ করতে এবং আজ রাজধানীতে চলাচলের সময় ট্রাফিক কর্মীদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে।
ট্রাফিক পুলিশ এক 'এক্স' পোস্টে জানিয়েছে, "যানবাহন চালকদের অনুরোধ করা হচ্ছে যেন তাঁরা প্রভাবিত এলাকাগুলির মধ্য দিয়ে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলেন, পথ পরিবর্তনের নির্দেশক চিহ্ন ও ট্রাফিক কর্মীদের নির্দেশ মেনে চলেন এবং সুষ্ঠু যান চলাচল নিশ্চিত করতে দিল্লি ট্রাফিক পুলিশকে সহযোগিতা করেন।"
শঙ্কর রোড-বন্দে মাতরম 'টি'-পয়েন্ট (নয়াদিল্লির দিকে), ধৌলা কুঁয়াঁ ফ্লাইওভার, ঝান্ডেওয়ালান গোলচত্বর, পঞ্চকুইয়াঁ গোলচত্বর, মান্ডি হাউস গোলচত্বর, ড. দীনেশ নন্দিনী ডালমিয়া চক (ডব্লিউ-পয়েন্ট), রাম চরণ আগরওয়াল চক (এ-পয়েন্ট), মিন্টো রোড-দীন দয়াল উপাধ্যায় মার্গ, গুরু নানক চক এবং চেমসফোর্ড রোড-আউটার সার্কেল কনট প্লেস 'টি'-পয়েন্ট- এই ৩০টি চিহ্নিত স্থানে বিধিনিষেধ ও সম্ভাব্য পথ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
অন্যান্য প্রভাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে ভৈরন রোড-এমজিএম (রিং রোড) 'টি'-পয়েন্ট, লোদি রোড ফ্লাইওভার, নীলা গুম্বদ গোলচত্বর, মাদ্রাসা 'টি'-পয়েন্ট, সম্রাট হোটেল গোলচত্বর, সর্দার প্যাটেল মার্গ-পঞ্চশীল মার্গ ক্রসিং, ভিকাজি কামা প্লেসের নিচে, মতি বাগ ফ্লাইওভারের নিচে এবং রিং রোড-সান মার্টিন মার্গ 'টি'-পয়েন্ট।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, অশোক রোড-যন্তর মন্তর রোড গোলচত্বর, উইন্ডসর প্যালেস গোলচত্বর, টলস্টয়-জনপথ ক্রসিং, রেল ভবন গোলচত্বর, জয় সিং রোড-সংসদ মার্গ ক্রসিং, আউটার সার্কেল কনট প্লেস-বারাখাম্বা রোড 'টি'-পয়েন্ট, গোল ডাক খানা গোলচত্বর, প্যাটেল চক গোলচত্বর, জয় সিং রোড-অশোক রোড 'টি'-পয়েন্ট, আরএমএল হাসপাতাল গোলচত্বর এবং আউটার সার্কেল কনট প্লেস-সংসদ মার্গ 'টি'-পয়েন্ট- এই জায়গাগুলোতেও যান চলাচল ব্যাহত হতে পারে।
যাত্রীদের তাৎক্ষণিক সহায়তার জন্য দিল্লি ট্রাফিক পুলিশ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর (৮৭৫০৮৭১৪৯৩) এবং হেল্পলাইন নম্বর (১০৯৫ / ০১১-২৫৮৪৪৪৪৪) প্রকাশ করেছে।
নতুন এই বিক্ষোভ কী নিয়ে?
মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি-র বিক্ষোভের দু'দিন পর, বিরোধী দলগুলো সোমবার সুপ্রিম কোর্টের অভিমুখে একটি মিছিলের ডাক দিয়েছে।
এই মিছিলটি 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম এবং সিইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবির প্রেক্ষিতে তাদের চলমান আন্দোলনেরই একটি অংশ। 'ইন্ডিয়া' জোটের বেশ কয়েকটি দলের নেতারা এই পদযাত্রায় অংশ নেবেন এবং তাঁদের উদ্বেগের কথা তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
পূর্বনির্ধারিত এই পদযাত্রার কয়েক ঘণ্টা আগে রবিবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী 'এক্স'-এ একটি ভিডিও বার্তা শেয়ার করে বলেন, "গতকাল দেশের তরুণরা দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছিল। তাদের হৃদয়ে ছিল ভালবাসা, ঘৃণা বা ক্ষোভ নয়। পুলিশ এবং বিজেপি-র গুণ্ডারা- উভয়ই তাদের ওপর লাঠি চালিয়েছে। আমরা এমন ভারত চাই না।"
লোকসভার বিরোদী দলনেতা আরও বলেন, "সোমবারল আমরা ভারতীয় হিসেবে সুপ্রিম কোর্টের অভিমুখে পদযাত্রা করব- দল, লিঙ্গ, জাতি, সম্প্রদায় ও রাজ্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে। তরুণসমাজ, সমস্ত বিরোধী দল, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণতন্ত্র ও ভারতের সংবিধানে বিশ্বাসী ও তার পক্ষে দাঁড়ানো সকলেই আমাদের সঙ্গে পা মেলাবেন। আমরা দেশের হয়ে প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দেব। সেখানে 'ভোট চুরি' বন্ধ করা, এসআইআর-এর প্রক্রিয়া স্থগিত করা এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হবে।"
লোকসভায় বিরোধী দলনেতা আরও বলেন, "নরেন্দ্র মোদি, অমিত শাহ, অজিত ডোভাল এবং মোহন ভাগবত ভারতের কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারবেন না। এই কাপুরুষরা আমাদের ভয় দেখাতে পারবে না। তাদের সরে দাঁড়াতেই হবে। আমরা ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেম নিয়ে একসঙ্গে পদযাত্রা করব। ভয় পাবেন না। আগামীকাল পুরো ভারত সুপ্রিম কোর্টের অভিমুখে পদযাত্রা করবে।"
