দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে সর্বোচ্চ দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে।
স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী সংগঠনটি। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৪ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ৫৯ টাকা কমিয়ে ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৯ অক্টোবর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম বাড়ানো হয় ২ হাজার ২১৬ টাকা। এই দাম বাড়ানোর চারদিনের মাথায় আজ দাম কমানো হলো।
The post দাম কমলো স্বর্ণের, ভরিতে ৩২৬৬ টাকা appeared first on Mohona Tv.
