শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস
সংবাদ বিজ্ঞপ্তি · ১২ অক্টোবর, ২০২৬ ২:২৫ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত উপাচার্য মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা ও গবেষণা বিষয়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশের উচ্চশিক্ষা, কৃষি গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবেষণালব্ধ জ্ঞানের কার্যকর প্রয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও ত্বরান্বিত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, কৃষিতে দক্ষ জনশক্তি তৈরি করতে মাধ্যমিক শিক্ষা স্তরেই জীবনমুখী ও প্রায়োগিক শিক্ষা অন্তর্ভুক্ত করা উচিত। বিদেশে কর্মমুখী পেশায় শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রি নয়, বরং আন্তর্জাতিক ভাষার দক্ষতা ও প্রায়োগিক জ্ঞানের ওপর জোর দিতে হবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
গুগলে আমাদের খবর পেতে
