অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাইবার প্রতারণা ও স্ক্যাম থেকে সুরক্ষায় একগুচ্ছ নতুন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত নিরাপত্তা ফিচার চালুর ঘোষণা দিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল।
এর অংশ হিসেবে ‘গুগল মেসেজেস’ অ্যাপে যোগ হচ্ছে ‘স্ক্যাম ডিটেকশন’ অপশন, যা গুগলের জেমিনাই এআইয়ের মাধ্যমে যে কোনো সন্দেহজনক মেসেজের আসল উদ্দেশ্য বিশ্লেষণ করে ব্যবহাকারীদের সতর্ক করবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
গুগল বলেছে, মেসেজেস অ্যাপের নতুন অপশনটি চালু বা ‘টগল অন’ করলে জেমিনাইয়ের উন্নত বিভিন্ন মডেল স্বয়ংক্রিয়ভাবে মেসেজের ধরন পরীক্ষা শুরু করবে।
প্রেরক কোনো প্রতারক কি না বা মেসেজটির পেছনে কোনো ক্ষতিকর উদ্দেশ্য আছে কি না তা বের করে এটা ব্যবহারকারীকে দ্রুত সতর্কবার্তা পাঠাবে।
গুগল বলেছে, প্রতারক চক্র অনেক সময় ভুল নম্বরে মেসেজ দেওয়ার অজুহাতে কথা শুরু করে, যেমন কুকুরের সঙ্গে তোলা ছবি পাঠানোর অজুহাতে পরিচিত হওয়ার চেষ্টা করা ও নাম জানতে চাওয়া।
জেমিনাই এআই ঠিক এই ধরনের চতুর আলাপ ও উদ্দেশ্য শনাক্ত করবে।
মেসেজের প্রাইভেসি রক্ষায় গুগল বলেছে, অ্যান্ড্রয়েড এসব মেসেজ ‘প্রাইভেট এআই কম্পিউট’-এর মাধ্যমে সম্পূর্ণ এনক্রিপ্ট করে সুরক্ষিত জায়গায় প্রসেস করে। ফলে গুগল বা অন্য কেউ কোনোভাবেই ব্যবহারকারীর ব্যক্তিগত এসব মেসেজ দেখতে বা পড়তে পারবে না।
এ ছাড়া, মেসেজে আসা কোনো লিংকে ট্যাপ করার আগেই এটা নিরাপদ কি না তা অন-ডিভাইস প্রযুক্তির মাধ্যমে মেসেজেস অ্যাপেই পরখ করে দেখবে ‘জেমিনাই ন্যানো’।
নতুন পিক্সেল ডিভাইসসহ স্যামসাং গ্যালাক্সি সিরিজের নির্বাচিত কিছু ফ্ল্যাগশিপ মডেলে প্রথমে এই সুবিধা পাওয়া যাবে।
পিক্সেল ডিভাইসের চ্যাট নোটিফিকেশনে সফলতার পর এবার অন্যান্য বহুল ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও জেমিনাইচালিত ‘স্ক্যাম ডিটেকশন’ ফিচার চালুর ঘোষণা দিয়েছে গুগল।
এর মাধ্যমে, ক্ষতিকর মেসেজ বা প্রতারণামূলক লেখা নোটিফিকেশনে দেখামাত্রই ব্যবহারকারীকে সতর্ক করে দেওয়া হবে। ফলে মেসেজটি খুলে দেখারও প্রয়োজন পড়বে না।
ফিচারটি বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে অনর, মোটোরোলা, অপো, ওয়ানপ্লাস, রিয়েলমি, ভিভো ও শাওমির মতো শীর্ষস্থানীয় মোবাইল ফোন নির্মাতার সঙ্গে চুক্তি করেছে গুগল।
এ বছরের শেষদিকেই পর্যায়ক্রমে এসব ফোনে ফিচারটি সচল হওয়ার কথা রয়েছে।
এদিকে, অ্যান্ড্রয়েড ১৫ ও তার পরবর্তী সংস্করণের সব ডিভাইসের জন্য এ মাসের শেষদিকে যোগ হচ্ছে স্বয়ংক্রিয় ‘স্ক্রিন-শেয়ারিং প্রাইভেসি’।
ব্যবহারকারী যখন ক্রোম ব্রাউজার বা অ্যান্ড্রয়েড ওয়েবভিউ খোলা রেখে স্ক্রিন শেয়ার করবেন তখন গুগল পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য ও ক্রেডিট কার্ডের বিভিন্ন গোপন তথ্য স্ক্রিন রেকর্ড বা শেয়ারিংয়ে সম্পূর্ণ হাইড করে দেবে।
আগামী ডিসেম্বরের শুরুতে পিক্সেলসহ নির্বাচিত কিছু ডিভাইসে যোগ হতে যাচ্ছে ‘কল ফরোয়ার্ডিং প্রটেকশন’।
প্রতারকরা অনেক সময় ছদ্মবেশে গ্রাহকদের ধোঁকা দিয়ে ফোনে নির্দিষ্ট এমএমআই কোড ডায়াল করিয়ে নেওয়ার মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে গোপনে কল ফরওয়ার্ডিং চালু করে।
নতুন ফিচারটি ব্যাকগ্রাউন্ডে ক্ষতিকর কোনো অ্যাপকে কল ফরোয়ার্ডিং চালু করতে দেবে না ও সন্দেহজনক ডায়াল কোডের ক্ষেত্রে তাৎক্ষণিক সতর্কতা সংকেত দেবে।
অন্যদিকে, ব্যাংক পরিচয়ে ভুয়া কল ঠেকাতে ব্রাজিলের কেন্দ্রীয় বিভিন্ন ব্যাংকের সঙ্গেও সমন্বিতভাবে কাজ শুরু করেছে গুগল।
এ ব্যবস্থার আওতায় ইনকামিং কলের সত্যতা যাচাইয়ে রিয়াল-টাইম অটোমেটেড ভেরিফিকেশন চালাবে অ্যান্ড্রয়েড। কোনো নম্বর এই যাচাইয়ে ব্যর্থ হলে অ্যান্ড্রয়েড নিজেই ফোন কলটি কেটে দিয়ে ব্যবহারকারীকে সতর্ক করবে।
এ বছরের জুনে পরীক্ষামূলক চালুর পর থেকে এ পর্যন্ত ৩০ লাখেরও বেশি ভুয়া ও প্রতারণামূলক কল সরাসরি ব্লক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে গুগল।
ব্রাজিলের পর বিশ্বজুড়ে অন্য কোনো দেশে এই কল ব্লকিং সেবা কবে নাগাদ চালু করা হবে সে বিষয়ে কিছু জানায়নি কোম্পানিটি।
