প্রকাশিত: ১৬:৪৮, ১৬ অক্টোবর ২০২৬
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হাসপাতালে স্বজনদের ভিড়
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার গোবরা বাজার আঞ্চলিক সড়কে মিত্র কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুক্তা রানী বিশ্বাস উপজেলার খলশেখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী। তিনি রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার মুশুড়িয়া গ্রামের একটি বাড়িতে রংয়ের কাজ শেষে মুক্তা রানী সহকর্মী নির্মল সর্দারের মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন। গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মুক্তা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
