হাবিবুর রশিদ হিমন,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ২৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তরুণ ট্যুরিস্ট গাইড আব্দুস সালাম। তিনি আলীকদম ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের একজন সক্রিয় ও সুপরিচিত সদস্য ছিলেন। তাঁর এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে স্থানীয় পর্যটন খাতসহ পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল থেকে জ্বর ও শারীরিক অসুস্থতা অনুভব করলে পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে স্থানীয় ফার্মেসি ও পল্লিচিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ান। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরবর্তীতে আজ রাত আনুমানিক ১১টার দিকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
তরুণ এবং সম্ভাবনাময় এই ট্যুরিস্ট গাইডের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন স্থানীয় ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সদস্য, সহকর্মী এবং এলাকাবাসী।
সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এই তরুণের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও বিরহ সহ্য করার তৌফিক দান করুন—আমিন।
The post আলীকদমে ডেঙ্গুতে তরুণ ট্যুরিস্ট গাইড আব্দুস সালামের মৃত্যু appeared first on Ctgtimes.com.
