বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্বামীর নির্যাতনে প্রাণ হারিয়েছেন গৃহবধূ ঐশী আক্তার (২৫)। এ ঘটনায় ঘাতক স্বামী সোহেল খান (২৮) ও জিজ্ঞাসাবাদের জন্য তার ভাই তানভীরকে আটক করেছে পুলিশ। সোমবার বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়। নিহত ঐশী দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। অভিযুক্ত সোহেল কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা কাদের খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে রক্তক্ষরণে ঐশীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল ও তার ভাই তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।