দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫৬ জন।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন চট্টগ্রাম বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিত হামে ১০৪ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ সময়ে ঢাকায় ৬২৬ জন রোগী ভর্তি হয়েছে। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২২৫, বরিশালে ১৩৫, সিলেটে ১৩৩, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রংপুরে ৩৯ এবং রাজশাহীতে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৬ হাজার ৭০৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ জন।
একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জনে। এর মধ্যে ২৩ হাজার ৪০০ জনের হাম নিশ্চিত হয়েছে। হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর এই পরিসংখ্যান দেশের হাম পরিস্থিতির ব্যাপকতা তুলে ধরছে।
The post হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি appeared first on ভোরের চেতনা.
