মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটের দিকে পৌরসভার কলেজ মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম শহিদ (৬০) শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একটি মসজিদে নামাজ আদায় শেষে পায়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী নাদিয়া আক্তার বলেন, শহিদুল ইসলাম রাস্তা পার হওয়ার জন্য পা বাড়িয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে পরিস্থিতি খারাপ দেখে মোটরসাইকেল চালক পালিয়ে যান।
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান কালবেলাকে বলেন, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম উপজেলা বিএনপির একজন ত্যাগী ও প্রবীণ রাজনীতিবিদ। দীর্ঘদিন আমরা এক সঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, তার এ মর্মান্তিক মৃত্যুতে আমি উপজেলা বিএনপির পক্ষ হতে গভীর শোক প্রকাশ করছি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে মোটরসাইকেলটি জব্দ করে থানায় রাখা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তথ্যপ্রযুক্তির সহায়তায় চেষ্টা চলছে।
