খেলা: নিজেকে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার বলে দাবি করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর মতে, গোল করার অসাধারণ রেকর্ড থাকা সত্ত্বেও নিজের প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন না তিনি। রোনালদোর এই মন্তব্যকে ঘিরে ফুটবলবিশ্বে নতুন করে আলোচনায় এসেছে সর্বকালের সেরা ফুটবলার বা ‘গোট’ বিতর্ক।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, “মানুষ আমার মুহূর্তগুলো কিংবা আমার গোলগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করছে না। আমার গোলসংখ্যা ৯২০ হোক, ৯২৫ হোক কিংবা ৯৩০—আমিই ইতিহাসের সেরা। এ নিয়ে কোনো বিতর্ক নেই। পরিসংখ্যানই সব বলে দেয়।”
ক্যারিয়ারে গোলসংখ্যা ১,০০০-এ নিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে অতিরিক্ত ভাবতে চান না পর্তুগালের এই তারকা। বরং সবকিছু স্বাভাবিকভাবে এগিয়ে নিতে এবং বর্তমান সময়ে মনোযোগ দিতে চান তিনি।
রোনালদোর ভাষ্য, ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমানকে উপভোগ করাই তাঁর পছন্দ। খেলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা সব সময় একই রকম থাকবে, এমন নিশ্চয়তাও দিতে চান না তিনি।
এ প্রসঙ্গে রোনালদো বলেন, “আমি বর্তমান মুহূর্তে বাঁচি। আগামীকাল কী হবে, তা জানি না। এমনও হতে পারে, একদিন সকালে ঘুম থেকে উঠে আর খেলার অনুপ্রেরণা খুঁজে পাব না। তখন হয়তো আর খেলতে চাইব না।”
রোনালদোর এই মন্তব্যের পর তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির সঙ্গে তুলনা আবারও সামনে এসেছে। দুই তারকার ভক্তদের মধ্যে কে সর্বকালের সেরা—তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে।
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসির সর্বকালের সেরা ফুটবলার হওয়ার দাবিও আরও জোরালো হয়। অন্যদিকে, ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকভাবে গোল করে নিজের রেকর্ড সমৃদ্ধ করে চলেছেন রোনালদো।
দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গোল ও ব্যক্তিগত অর্জনের মালিক এই পর্তুগিজ তারকা এখন ১,০০০ গোলের মাইলফলক ঘিরেও আলোচনায় রয়েছেন। তবে সর্বকালের সেরা কে, সেই প্রশ্নের উত্তর নির্ভর করে গোলসংখ্যার পাশাপাশি শিরোপা, ব্যক্তিগত অর্জন, খেলার ধরন ও সমর্থকদের মূল্যায়নের ওপরও।
