বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের মানোন্নয়ন, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শনিবার (১৭ অক্টোবর) গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমি পরিদর্শনকালে তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি একাডেমির নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন।
পরিদর্শনকালে মহাপরিচালক একাডেমিতে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ২৮তম রিক্রুট সিপাহি (পুরুষ) ব্যাচের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাংগঠনিক সমন্বয়, দায়িত্ব পালনে অভিন্ন মানদণ্ড অনুসরণ, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্যে মহাপরিচালক বাহিনীর সাংগঠনিক কাঠামো, লক্ষ্য ও জননিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরেন। ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, অঙ্গীভূত আনসার, ভিডিপি ও টিডিপির কার্যক্রম এবং পারস্পরিক সমন্বয়ের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি দেশপ্রেম, সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
একাডেমির কারিগরি, কুটিরশিল্প ও পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের সময় মহাপরিচালক হস্ত ও কারুশিল্পের বিভিন্ন প্রকল্পের প্রশিক্ষণ ও উৎপাদন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্সের আওতায় থাই-চাইনিজ, বাঙালি ও ভারতীয় খাবার প্রস্তুত, কফি ও জুস তৈরি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন।
এ সময় প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবমুখী ও আয়বর্ধক দক্ষতা অর্জনের নির্দেশনা দেন তিনি। অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দিয়ে দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখার ওপরও গুরুত্ব দেন মহাপরিচালক।
পরে নবনির্মিত সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করে ১০০ মিটার ফায়ারিং রেঞ্জ ও ফায়ারিং প্রশিক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি ড্রাইভিং সিমুলেটর পরিদর্শন করে আধুনিক প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের পেশাগত দক্ষতা, নিরাপদ অনুশীলন এবং অপারেশনাল প্রস্তুতি বাড়ানোর ওপর জোর দেন।
প্রযুক্তি ও জ্বালানি ব্যবস্থাপনা পরিদর্শনের অংশ হিসেবে মহাপরিচালক সৌরবিদ্যুতের মাধ্যমে একাডেমির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ ছাড়া একাডেমির স্টাফদের আবাসিক বাসস্থান, নির্মাণাধীন মসজিদ কমপ্লেক্স ও অরণ্য রিসোর্ট পরিদর্শন করেন। প্রশিক্ষণ অবকাঠামোর আধুনিকায়ন, বিকল্প জ্বালানির কার্যকর ব্যবহার, আবাসনসুবিধার উন্নয়ন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা ও আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে কাজ করছে। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মহাপরিচালকের এ পরিদর্শন প্রশিক্ষণব্যবস্থার আধুনিকায়ন, সাংগঠনিক সমন্বয় জোরদার এবং কারিগরি ও পেশাভিত্তিক দক্ষতা বৃদ্ধির উদ্যোগকে আরও গতিশীল করবে।
