সংগীতের মঞ্চে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির বন্দনা! আর্জেন্টিনায় নিজেদের কনসার্টে মেসির ১০ নম্বর জার্সি পরে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। শুধু জার্সি পরেই থেমে থাকেননি তাঁরা, অনুকরণ করেছেন আর্জেন্টাইন তারকার বিখ্যাত গোল উদ্যাপনের ভঙ্গিও। আর তাতেই স্টেডিয়ামজুড়ে শুরু হয় ‘মেসি, মেসি’ স্লোগান।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২১ অক্টোবর আর্জেন্টিনার লা প্লাতার এস্তাদিও উনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিটিএসের এই কনসার্ট। পরিবেশনার একপর্যায়ে ‘কাম ওভার’ গানের সঙ্গে মেসিকে বিশেষভাবে সম্মান জানান ব্যান্ডটির সদস্যরা।
আরএম, সুগা, জে-হোপ, ভি ও জাংকুকের পরনে ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের আকাশি-সাদা জার্সি। তাতে ছিল মেসির বিখ্যাত ১০ নম্বর। অন্যদিকে জিমিন ও জিনের পোশাকেও ফুটে ওঠে আর্জেন্টিনার জাতীয় পতাকার রং।
এরপর মেসির পরিচিত গোল উদ্যাপনের ভঙ্গি অনুকরণ করেন সদস্যরা। দলের সদস্য ভি অন্যদের সেই ভঙ্গিতে দাঁড়ানোর নির্দেশনা দেন। একপর্যায়ে তাঁর মুখে শোনা যায় ‘মেসি, মেসি, মেসি’ স্লোগান। সঙ্গে সঙ্গে দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। বড় পর্দায়ও তখন দেখা যাচ্ছিল মেসির ছবি।
ফুটবল ও সংগীত, দুই জগতের জনপ্রিয় তারকাদের এই মিলন ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে আর্জেন্টিনার মাটিতে দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ককে এভাবে সম্মান জানানো কনসার্টে যোগ করেছে ভিন্ন মাত্রা।
উল্লেখ্য, বিটিএসের সদস্যদের সঙ্গে ফুটবলের সম্পর্ক নতুন নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ড্রিমার্স’ গান পরিবেশন করেছিলেন জাংকুক। এবার মেসিকে ঘিরে বিটিএসের এই আয়োজন সংগীত ও ফুটবলের ভক্তদের একই উচ্ছ্বাসে শামিল করেছে।
