মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে থামছে না ইয়াবা পাচার। সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায়ই উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদক। এরই ধারাবাহিকতায় ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আরও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বিজিবি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মণ্ডলপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের এবং সেগুলো পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
The post সীমান্তে থামছে না ইয়াবার স্রোত, ঘুমধুমে ফের ৪০ হাজার ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি appeared first on sokalerkhobor24.com.
