জবাগাছের নিচে আমাদের মুখোমুখি দরবারের
একটা স্মৃতি পৃথিবীর কোথাও রয়ে গেছে
তখন আমাদের বাল্য বয়স
তখন আমাদের প্রেমানুভূতির সময়
আমি তোমাকে দিয়েছিলাম
সাদা কাগজে কালো কালির চিহ্নসকল
যার প্রতিটিতে মিশে ছিল লাল রক্তের দাগ...
তুমি আমাকে দিয়েছিলে প্রত্যাঘাত
তারপরেও অনেক বছর সেই জবাগাছটি
আর আমাদের ঘরটি মুখোমুখি দাঁড়িয়ে ছিল
আমি প্রতিবছর সেই তারিখে জবাগাছটি ধরে
খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতাম
পৃথিবীর থেমে থাকা গ্রামের স্তব্ধতা সামনে নিয়ে
পাতা ঝরার শব্দ শুনে মৌনতা ভেঙে গেলে ফিরে আসতাম...
আর ফিরে ফিরে তাকাতাম জবাগাছের দিকে
যেন জবা ফুলের সম্ভাবনায়
ঘ্রাণের ডাকে ফিরতে চাইতাম ফের...
সেও আজ অনেক বছর হলো
অনেক বছর হলো জবাগাছ, আমাদের ঘর
কোনোটিই আর নেই