নাটোর রেলওয়ে স্টেশনে এক জার্মান পর্যটকের চুরি হয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তর নামে এক দোকান কর্মচারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানা পুলিশের একটি বিশেষ টিম শহরের নিচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এলাকার ‘নুর ক্লথ স্টোর’ থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।
অভিযানের সময় ওই দোকানের কর্মচারী অন্তরকে আটক করে নাটোর সদর থানায় নিয়ে যাওয়া হয়। তাকে বর্তমানে হেফাজতে রেখে নিবিড় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) শরীফুল হক নিজেই থানায় যান। তিনি সেখানে উপস্থিত হয়ে আটক হওয়া অন্তরকে জিজ্ঞাসাবাদ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সার্বিক তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।
পরে সংবাদ সম্মেলনে ল্যাপটপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার শরীফুল হক। তিনি জানান, উদ্ধার করা ল্যাপটপটি ওই জার্মান পর্যটকের। চুরির এই ঘটনার মূল অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
