
কুলাউড়া প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। এ লক্ষ্যে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৮৫টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা। এ সময় তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ব্যাটালিয়ন অধিনায়ক জানান, পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সংশ্লিষ্ট প্রশাসন ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) প্রস্তুতকৃত ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের রেসপন্ডার হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
