নামেই র্যাপিডো পিঙ্ক রাইড, নেই মেয়েদের এতটুকু নিরাপত্তাও! সম্প্রতি বেঙ্গালুরুতে বাইক রাইড নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করলেন এক মহিলা। যাত্রা শেষের পরও র্যাপিডো চালকের অদ্ভুত আচরণে তিনি আতঙ্কিত হয়ে সংস্থার কাছে নালিশ জানিয়েছেন। পাশাপাশি বেঙ্গালুরু পুলিশেরও দ্বারস্থ হয়েছন সুরক্ষার দাবিতে। মহিলার অভিযোগ, ভাড়া মিটিয়ে দেওয়ার পরও চালক এমনভাবে তাঁর হাত ধরেছিলেন যে তা যথেষ্ট আপত্তিকর। এখানেই শেষ নয়। মহিলা নিজের বাড়ি চলে যাওয়ার পরও তাঁর আবাসনের বাইরে ঠায় দাঁড়িয়েছিলেন ওই চালক। ফলে তাঁর উদ্দেশ্য নিয়ে মহিলার সংশয় ও আতঙ্ক হওয়া স্বাভাবিক।
এক বৃষ্টির রাতে অ্যাপ বাইকে যাতায়াতের সময় এমন ভয়াবহ অভিজ্ঞতা হয় বেঙ্গালুরুর ওই মহিলা। সোশাল মিডিয়া পোস্টে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন তিনি। জানিয়েছেন, বৃষ্টি হওয়ায় তিনি র্যাপিডো পিঙ্ক বাইক বুক করেছিলেন নিজের বাড়ি যাওয়ার জন্য। র্যাপিডো পিঙ্ক মহিলা সুরক্ষার জন্য পরিচিত। পরে বৃষ্টির বেগ আরও বাড়তে থাকায় দু’চাকায় সওয়ার হওয়ার ভাবনা থেকে সরে আসেন। অথচ ততক্ষণে বাইক চালক তাঁর কাছে পৌঁছে গিয়েছিলেন। মহিলা রাইড বাতিল করার কথা বললে চালক বারবার অনুরোধ করতে থাকেন। বারবার বলেন, বাতিল করলে এই বৃষ্টিতে তাঁর যাত্রী পেতে অসুবিধা হবে। শেষমেশ চালকের অনুরোধে বাইকে উঠে বসেন মহিলা।
তাঁর দাবি, এরপরই চালকের অদ্ভুত আচরণ শুরু হয়। অতিরিক্ত বন্ধুত্বসুলভ হাবভাব করেন ওই চালক। যাত্রীকে রেনকোট এগিয়ে দেন, বারবার তাঁর সম্পর্কে জানতে চান। এতে বেশ বিরক্ত হয়েছিলেন মহিলা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর পর চালক যা করলেন, তাতে রীতিমতো ভয় পেয়ে যান যাত্রী। তিনি জানিয়েছেন, ভাড়া মিটিয়ে হেলমেট ফেরত দেওয়ার সময় বেশ কিছুক্ষণ তাঁর হাতটি ধরেছিলেন চালক। কোনওক্রমে হাত ছাড়িয়ে নিজের আবাসনে ঢুকে যাওয়ার পর কী মনে হওয়ায় মহিলা বাইরের দিকে তাকান। দেখেন, আবাসনের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন বাইক চালক। শুধু তাই নয়, তাঁর হাবেভাবে মনে হচ্ছিল বুঝি মহিলার গতিবিধির দিকে নজর রাখছেন। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন মহিলা। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আনেন। ওই অ্যাপ বাইক সংস্থাকে ট্যাগ করে চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানান। বেঙ্গালুরু পুলিশের কাছেও এই মর্মে তিনি অভিযোগ দায়ের করে নারীসুরক্ষার কথা উল্লেখ করেছেন। সূত্রের খবর, পুলিশ তাঁর অভিযোগকে গুরুত্ব দিয়ে ঘটনা আরও বিস্তারিত জানতে চেয়েছে।
