Published on
:
3 min read
গত কয়েক সপ্তাহ ধরেই খবরের শিরোনামে রয়েছেন অভিনেতা ইমরান খান। মুম্বইয়ে ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া এবং মুম্বইয়ের ফরেনার্স রিজিয়োনাল রেজিস্ট্রেশন অফিস ও পুলিশের তরফে ‘লিভ ইন্ডিয়া নোটিস’ পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে চর্চা চলছে। এর মাঝেই সামনে এসেছে অভিনেতার জীবনের এক অন্য অধ্যায়। দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে থাকার সময়ে ইমরান ব্যস্ত ছিলেন নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে।
শহরের ব্যস্ততা থেকে দূরে, প্রকৃতির কোলে নিজের মতো করে একটি ঠিকানা গড়ে তুলেছেন অভিনেতা। বাড়ির নকশা থেকে শুরু করে নির্মাণপদ্ধতি— সব ক্ষেত্রেই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করেছেন। এমন এক বাড়ি, যার জানলা খুললেই চোখে পড়ে সবুজ জঙ্গল ও পাহাড়ের ঢাল। আশপাশের ঝর্নার শব্দ সেখানে এনে দেয় প্রকৃতির আরও কাছাকাছি থাকার অনুভূতি।
প্রকৃতির কোলে এক টুকরো শান্তির নীড়ছবি: ইনস্টাগ্রাম
মহারাষ্ট্রের কারজাত এলাকায় রয়েছে ইমরানের এই বাড়ি। ২০২৪ সালের জুন মাসে ইনস্টাগ্রামে বাড়িটির একাধিক ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। সেই সময় তিনি জানিয়েছিলেন, গত কয়েক বছরে তাঁর অন্যতম বড় কাজ ছিল এই বাড়ি তৈরি করা। স্থাপত্যবিদ্যায় কোনও প্রথাগত প্রশিক্ষণ না থাকলেও বাড়িটি তৈরির জন্য প্রয়োজনীয় বিষয়গুলি নিজেই শেখেন তিনি। এমনকী বাড়ির নকশাও তৈরি করেছিলেন নিজের হাতে।
বাড়ি তৈরির জন্য জায়গা নির্বাচনের ক্ষেত্রেও বেশ সতর্ক ছিলেন ইমরান। অসমান জমি, সামনে পাহাড়ের ঢাল, চারপাশে জঙ্গল এবং কাছাকাছি ছোট ছোট ঝর্না— সব মিলিয়ে জায়গাটা প্রকৃতিপ্রেমীদের কাছে স্বপ্নের মতো। বর্ষাকালে ওই ঝর্নাগুলি জলে ভরে ওঠে, বদলে যায় চারপাশের চেহারাও।
বাড়ির বেডরুমছবি: ইনস্টাগ্রাম
নির্মাণকাজ শুরুর আগে প্রায় এক বছর ধরে জায়গাটির প্রকৃতি ও পরিবেশ পর্যবেক্ষণ করেছিলেন অভিনেতা। কোন দিকে কখন সূর্য ওঠে ও অস্ত যায়, বর্ষার সময়ে এলাকার রূপ কেমন হয়, ঋতু পরিবর্তনের সঙ্গে গাছপালার চেহারা কী ভাবে বদলায়— প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখেছিলেন তিনি। সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই তৈরি হয় বাড়ির নকশা। শুধু থাকার জায়গা নয়, আশপাশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশে থাকারও সুযোগ রয়েছে এই বাড়িতে।
নির্মাণপদ্ধতির ক্ষেত্রেও পরিবেশকে গুরুত্ব দিয়েছেন ইমরান। এলাকার গ্রামীণ বাড়িগুলির নির্মাণশৈলী থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেছেন নিজের বাড়ি। পাথরের উঁচু ভিতের উপর একতলা ইটের দেওয়াল, ছাদ ধরে রাখার জন্য ইস্পাতের বিম এবং ইনসুলেটেড রুফিং শিট ব্যবহার করা হয়েছে। বাড়ির অন্দরসজ্জাতেও রয়েছে সরলতার ছাপ। অত্যন্ত ছিমছাম অন্দরমহল। ইমরানের কাছে এই বাড়ি হলো প্রকৃতির কাছে থাকার ঠিকানা। তা ছাড়া এই বাড়ি হলো ইমরানের সৃজনশীলতার আর এক পরিচয়।
FAQ
১. ইমরান খানের স্বপ্নের বাড়ি কোথায় অবস্থিত?
ইমরান খানের স্বপ্নের বাড়ি মহারাষ্ট্রের কারজাত এলাকায় অবস্থিত। শহরের কোলাহল থেকে দূরে, পাহাড়, জঙ্গল ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জায়গায় বাড়িটি তৈরি করেছেন অভিনেতা।
২. ইমরান খান কবে তাঁর বাড়ির ছবি প্রকাশ করেছিলেন?
২০২৪ সালের জুন মাসে ইমরান খান ইনস্টাগ্রামে তাঁর বাড়ির একাধিক ছবি শেয়ার করেছিলেন। সেই পোস্টে তিনি বাড়ি তৈরির অভিজ্ঞতা নিয়েও জানিয়েছিলেন।
৩. ইমরান খানের বাড়ির নকশা কে তৈরি করেছেন?
ইমরান খান নিজেই তাঁর বাড়ির নকশা তৈরি করেছেন। স্থাপত্যবিদ্যায় প্রথাগত প্রশিক্ষণ না থাকলেও বাড়ি তৈরির জন্য তিনি এই বিষয়ে পড়াশোনা করেছিলেন এবং নিজে নকশা করার দায়িত্ব নিয়েছিলেন।
৪. ইমরান খানের বাড়ি তৈরিতে কোন ধরনের নির্মাণপদ্ধতি ব্যবহার করা হয়েছে?
বাড়িটি তৈরিতে স্থানীয় গ্রামের বাড়ির নির্মাণপদ্ধতি থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। পাথরের উঁচু ভিত, ইটের দেওয়াল, ইস্পাতের বিম এবং ইনসুলেটেড রুফিং শিট ব্যবহার করা হয়েছে।
৫. ইমরান খানের বাড়ির বিশেষত্ব কী?
প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়িটি তৈরি করা হয়েছে। চারপাশে সবুজ জঙ্গল, পাহাড়ের ঢাল ও বর্ষার জলপ্রপাত রয়েছে। বাড়ির অন্দরসজ্জাও ছিমছাম ও মিনিমালিস্ট, যেখানে জাঁকজমকের বদলে প্রাকৃতিক পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়েছে।
