নোয়াখালীর সোনাইমুড়ীতে কালো পোশাক ও হেলমেট পরে মোটরসাইকেলে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর বাঁ পা ও ঊরুতে গুলি লেগেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘোষকামতা গ্রামের বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জামাল উদ্দিন একই গ্রামের মিজি বাড়ির মৃত সাখায়েত উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি নাটেশ্বর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় পোস্টার লাগিয়েছিলেন। বর্তমানে তাঁর একাধিক ছেলে প্রবাসে রয়েছেন।
শনিবার রাতে বাড়ির পাশে বটতলী এলাকার সালাউদ্দিনের চায়ের দোকানে বসে ছিলেন জামাল উদ্দিন। এ সময় কালো পোশাক ও হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে করে দোকানের সামনে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাঁ পা ও ঊরুতে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, রাত ১২টার দিকে গুলিবিদ্ধ জামাল উদ্দিন হাসপাতালে ভর্তি হন। তাঁর বাঁ পা ও ঊরুতে বুলেটের আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জামাল উদ্দিন একটি দোকানে বসে ছিলেন। এ সময় দুই ব্যক্তি এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। তবে কী কারণে তাঁকে গুলি করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
এমএস/
