ডিজিটাল যোগাযোগের দ্রুতপ্রবাহে হারিয়ে যেতে বসা হাতে লেখা চিঠির ঐতিহ্যকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হলো ‘চিঠি উৎসব’। ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব ডাক দিবস উপলক্ষে কুমিল্লা ডাক বিভাগ এ উৎসবের আয়োজন করে। গত রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত এ আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর ব্র্যান্ড ফ্রেশ স্টেশনারি ও ফ্রেশ কফি।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল নিজের হাতে চিঠি লিখে ডাকযোগে প্রিয়জনের কাছে পাঠানোর সুযোগ। শিক্ষার্থী থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা কাগজ-কলমে পরিবার, বন্ধু কিংবা জীবনের বিশেষ মানুষদের উদ্দেশ্যে ভালোবাসার না বলা অনুভূতি তুলে ধরেন। উৎসবে ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষার্থী তাঁর প্রয়াত দাদাকে স্মরণ করে চিঠি লেখেন, আবার বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা তাঁর দীর্ঘ ২৩ বছরের যৌথ জীবনের কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি লেখেন স্ত্রীর নামে। দর্শনার্থীদের মতে, তাত্ক্ষণিক বার্তার যুগে চিঠির মাধ্যমে অনুভূতির এই বহিপ্রকাশ তাদের পুরোনো স্মৃতি ও আবেগের কাছে ফিরিয়ে নিয়ে গেছে।
কুমিল্লা ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, তরুণদের চিঠি লেখার আবহ সম্পর্কে ধারণার পাশাপাশি স্পিড পোস্ট, পার্সেল ও অন্যান্য আধুনিক সেবা সম্পর্কে অবহিত করাই ছিল এই উদ্যোগের উদ্দেশ্য। উৎসবে চিঠি লেখার উপকরণের পাশাপাশি বিরল ও স্মারক ডাকটিকিটের প্রদর্শনী এবং ডাক বিভাগের বিভিন্ন সঞ্চয়পত্র ও ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’-এর তথ্য বিতরণ করা হয়। শিক্ষার্থীদের জন্য ফ্রেশ স্টেশনারির সৌজন্যে চিঠি লেখার উপকরণ ও ফ্রেশ কফির পক্ষ থেকে বিনামূল্যে কফি পরিবেশনের আয়োজন ছিল।
