হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে উদ্যাপন নিশ্চিত করতে চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিজন কলোনির পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি হরিজন কলোনির পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পূজারীদের খোঁজখবর নেওয়া এবং উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রুবেন, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামাল, সদস্যসচিব নুর মোহাম্মদ, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আমিন গাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে শামসুল আলম সূর্য বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশ আমাদের সবার। এ দেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয়, সে জন্য আমরা সবাই আন্তরিকভাবে কাজ করছি। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরাও সতর্ক অবস্থানে রয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, সেটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্প্রীতি ও সব ধর্মের মানুষের নিরাপত্তার বার্তাকে সামনে রেখে আমরা জনগণের পাশে থাকতে চাই। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশনায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছেন।” সংশ্লিষ্ট নেতাকর্মীরাও এ কথা জানান।
এ সময় শামসুল আলম সূর্য পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনে সবার সহযোগিতা কামনা করেন।
বিআলো/শিলি