স্বামীর স্বাভাবিক বা সাধারণ ভালোবাসার আলিঙ্গনে এক নারীর শরীরের পাঁচটি পাঁজরের হাড় ভেঙে যাওয়ার অবাক করা ঘটনা ঘটেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, ওই নারীর শরীরে মারাত্মক অস্টিওপোরোসিস বা হাড়ের দুর্বলতাজনিত সমস্যা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চীনের ওই নারী শীত লাগার কথা জানালে তার স্বামী ওয়াং তাকে স্বাভাবিকভাবে জড়িয়ে ধরেন। কিন্তু আলিঙ্গনের মাঝেই হঠাৎ একটি কটমট শব্দ শুনতে পান স্বামী এবং সঙ্গে সঙ্গে ওই নারী তীব্র ব্যথায় মাটিতে বসে পড়েন। তবে আঘাতের তীব্রতা তারা প্রথমে বুঝতে পারেননি এবং ব্যথা সহ্য করেই সারারাত কাটিয়ে পরদিন সকালে হাসপাতালে যান।
হাসপাতালে এক্সরে ও চেস্ট সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা জানান, ওই নারীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং আরেকটি হাড়ে ফাটল ধরেছে। তবে ফুসফুস বা প্লুরার বড় ধরনের কোনো জটিলতা না থাকায় চিকিৎসকরা অস্ত্রোপচারের পরিবর্তে ওষুধ, প্যাচ ও বিশ্রামের পরামর্শ দিয়েছেন।
A man in Jiangsu went in for a "passionate hug"—and his wife dropped to the ground in pain. A CT scan later revealed five fractured ribs and one cracked rib. https://t.co/X2V7YKUppL
— Shanghai Daily (@shanghaidaily) October 19, 2026
স্বামী ওয়াং স্থানীয় গণমাধ্যমকে জানান, তার স্ত্রীর ওজন ছিল ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে এবং তিনি নিয়মিত চরম ডায়েটিং করতেন, বিশেষ করে রাতের খাবার বাদ দিতেন। এছাড়া তিনি একেবারেই রোদে বা সূর্যের আলোতে যেতেন না।
ওহহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ইয়াং ইয়ানজিয়াং জানান, সাধারণ কোনো আলিঙ্গনের চাপে তরুণ বা কম বয়সীদের পাঁজরের হাড় ভেঙে যাওয়ার ঘটনা খুবই বিরল। এই ধরনের ঘটনা মূলত অস্বাস্থ্যকর জীবনযাপন এবং ভুল খাদ্যাভ্যাসের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
