রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যানের ‘সি’ ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. জালাল উদ্দিন (৩২), মো. নাঈম হাসান ডালিম (৩২), মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) ও মো. আল-আমিন (৩৫)। তাদের মধ্যে জালাল উদ্দিন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য, নাঈম হাসান ডালিম হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মাহমুদুল হাসান মামুন একই ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক। এছাড়া আল-আমিন হবিরবাড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করে আসছিলেন। মূলত ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানো এবং মিছিল-মিটিং আয়োজনের উদ্দেশ্যেই তারা মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, আটক চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএএ/এমএসএ
