রাস্তার কাজের মান নিয়ে অভিযোগ, দেড় লাখ টাকাসহ আটক প্রকৌশলী
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার কাজ তদারকির সময় নগদ দেড় লাখ টাকাসহ এক উপসহকারী প্রকৌশলীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। রাস্তার কাজের মান নিয়ে অভিযোগের মধ্যে তার কাছে এত টাকা পাওয়ায় সন্দেহ তৈরি হয় স্থানীয়দের।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া গিদালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক প্রকৌশলীর নাম নূরই আকরাম। তিনি বোদা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী।
স্থানীয় বাসিন্দারা জানান, সাকোয়া-নয়াদীঘি সড়কের বোয়ালমারী অংশে পাকা রাস্তার কাজ চলছিল। কাজের মান নিয়ে তারা আগে থেকেই অভিযোগ জানিয়ে আসছিলেন। এ নিয়ে বরাদ্দ ও কাজের মানসংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে প্রকৌশলী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তার পথ আটকে ব্যাগ তল্লাশি করতে চাইলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৌশলীর ব্যাগ থেকে এক লাখ টাকা এবং তার পকেট থেকে আরও ৫০ হাজার টাকা উদ্ধার করে। পরে তাকে টাকাসহ হেফাজতে নেওয়া হয়।
তবে নূরই আকরাম দাবি করেন, টাকাগুলো তার ব্যক্তিগত এবং নিজের কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান জানান, দায়িত্ব পালনের সময় এত নগদ টাকা সঙ্গে রাখার বিষয়টি তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
