অনলাইন ডেস্ক
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তর কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে একটি প্রশাসনিক ভবনে আগুন ধরে যায়। তবে আগুনের ব্যাপ্তি সীমিত ছিল এবং এ ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার রাতে হামলার পরপরই কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
আরামকোর একটি সূত্র রয়টার্সকে জানায়, কমপ্লেক্সের একটি অফিস টাওয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবনটির ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়। সূত্রটি ও এ বিষয়ে অবগত আরও দুজন জানান, ভবনটিতে আগুন জ্বলতে দেখা যায়।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, দাহরানে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকায় পড়ে।
এদিকে, সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, রিয়াদে দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় রাজধানীর ১৫টি বাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এর আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও একাধিক হামলার ঘটনা ঘটে।
হুথি বিদ্রোহীরা এর আগে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছিল। তবে দাহরানের এ হামলার দায় কারা নিয়েছে, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
