জামালপুরের মাদারগঞ্জে ইট তৈরির মোল্ডিং মেশিনের চাকায় পিষ্ট হয়ে লিয়াকত আলী (৫৫) নামে বিএনপির এক সাবেক নেতার মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকার ‘ভাই ভাই ব্রিকস’ নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত আলী উপজেলার গুনারীতলা ইউনিয়নের উত্তর জোড়খালী এলাকার বাসিন্দা। তিনি গুনারীতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বর্তমান কমিটির সক্রিয় সদস্য ছিলেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মামা নজরুল ইসলামের মালিকানাধীন ওই ইটভাটায় রক্ষণাবেক্ষণ ও সুপারভাইজারের দায়িত্ব পালন করে আসছিলেন লিয়াকত আলী। আজ বিকেলে ইট তৈরির কাজ চলাকালে অসাবধানতাবশত তিনি চলন্ত মোল্ডিং মেশিনের গাড়ির চাকায় পিষ্ট হন।
এতে গুরুতর আহত হলে ইটভাটার অন্য শ্রমিকরা লিয়াকত আলীকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম রনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই লিয়াকত আলীর মৃত্যু হয়েছে।
এদিকে লিয়াকত আলীর মৃত্যুতে পরিবার, স্বজন ও দলীয় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত লিয়াকত আলীর ভাতিজা খাদেমুল ইসলাম জানান, সোমবার বিকেল ৩টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লিয়াকত আলীর মরদেহ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
