কালবেলা · general
নারায়ণগঞ্জে ১১ মামলার আসামি ‘চোক্কা’ তিন সহযোগীসহ গ্রেপ্তার
২৪/১০/২০২৬

নারায়ণগঞ্জ বন্দরে ১১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘চোক্কা’ ওরফে খোকনসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি, ছুরি ও তার কাটার প্লাসসহ ৭টি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানান নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
গ্রেপ্তাররা হলেন বন্দরের সোনাচড়া এলাকার আব্দুল লতিফের ছেলে চোক্কা ওরফে খোকন (৩৬), রামনগর এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে মো. পারভেজ (২৮) এবং একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মো. মঞ্জুর (৫০)।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কাঠের বাটযুক্ত একটি রামদা, প্লাস্টিকের বাটযুক্ত একটি ছুরি, একটি লোহার চাপাতি, কালো স্কচটেপে মোড়ানো একটি ছুরি, হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং লাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার এবং এসব কাজে ব্যবহারের উদ্দেশে দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার খোকনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে। তার নামে ৫টি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পারভেজের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলাসহ মোট ৩টি মামলা চলমান রয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, বন্দর থানার বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗