‘কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালিতে ‘শিশুবিয়ে আর নয়, কন্যাশিশুর বিজয়’ স্লোগানের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার সুরক্ষার আহ্বান জানানো হয়।
পরবর্তীতে সকাল ১০টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘বজ্রকণ্ঠে’ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর সার্বিক অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহের অভিশাপ দূরীকরণ এবং সমাজের সর্বক্ষেত্রে তাদের অংশীদারত্ব ও ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। আয়োজকেরা উল্লেখ করেন, কন্যাশিশুর বিকাশ ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব।
অনুষ্ঠান শেষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’ ও ‘খ’ দুটি বিভাগে বিজয়ী মোট ছয়জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
জেএইচআর
