ঘরের মাঠে কর্নেল সিকে নাইডু ট্রফির ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে কোণঠাসা বাংলার অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে বাংলাকে চাপে ফেলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী এবং বাঙালি ব্যাটার অভিজ্ঞান কুন্ডুর ইনিংস।
মুম্বইয়ের অনূর্ধ্ব-২৩ দলের করা ৭ উইকেটে ৫৬৫ রানের জবাবে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলার অনূর্ধ্ব-২৩ দলের রান ৪ উইকেটে ৫৩। মুম্বইয়ের ইনিংসকে নেতৃত্ব দিয়েছেন মূলত দু’জন। কেকেআর ব্যাটার রঘুবংশী ২০১ রানের ইনিংস খেলেছেন। তাঁর ২৪৮ বলের ইনিংসে রয়েছে ২৬টি চার এবং ২টি ছয়। নজর কাড়লেন বাঙালি তরুণ ক্রিকেটার অভিজ্ঞানও। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার খেলেছেন ১৩৪ রানের অপরাজিত ইনিংস। ছোটদের বিশ্বকাপের সময় বৈভব সূর্যবংশীর রুমমেট ছিলেন অভিজ্ঞান। ছোটদের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন অভিজ্ঞান। বাংলার বিরুদ্ধে তাঁর ব্যাট মুম্বইকে পার করে দেয় সাড়ে ৫০০ রানের গণ্ডি। বাংলার কোনও বোলারই আউট করতে পারেনি মুম্বই প্রবাসী বঙ্গসন্তানকে। ১৩টি চার এবং ১টি ছয় এসেছে তাঁর ব্যাট থেকে।
চার দিনের ম্যাচে বাংলার জয়ের সম্ভাবনা প্রায় নেই। রঘুবংশী এবং অভিজ্ঞানের ব্যাটিংয়ের সামনে ঘরের চেনা পিচেও দিশেহারা দেখিয়েছে বাংলার তরুণ বোলারদের। দ্বিতীয় দিনের শেষে বাংলার ছোটদের দল পিছিয়ে রয়েছে ৫১২ রানে। হাতে রয়েছে ৬ উইকেট। ফলোঅন এড়াতে আরও ৩১৩ রান করতে হবে শশাঙ্ক সিংহের দলকে। বাংলার দুই ব্যাটার শুভম সিংহ এবং চন্দ্রহাস দাস ০ রানে আউট হয়েছে। ব্যর্থ যুবরাজ যাদবও (১)। রান পাননি আদিত্য রায় (১৪)। দিনের শেষে ২২ গজে রয়েছেন শশাঙ্ক (২১) এবং সুমিত নাগ (১৩)।
