ঝিনাইদহ সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনা স্থানীয়ভাবে সালিস বৈঠকের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানায় মীমাংসার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শুকুর আলীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর ভাষ্য, একই এলাকার শুকুর আলী শিশুটিকে লুৎফর রহমানের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে নির্জন বাড়ির সিঁড়িতে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে তাকে ফেলে পালিয়ে যান শুকুর আলী।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর শিশুটির বাবা পেশায় রংমিস্ত্রি পারভেজকে ভয়ভীতি দেখিয়ে স্থানীয় নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় তাঁর বাড়িতে একটি সালিস বৈঠকের আয়োজন করেন। বৈঠকে অভিযুক্ত শুকুর আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে ভুক্তভোগী শিশুর বাবা পারভেজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন হাছান বলেন, শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুকুর আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
