শারদীয় দুর্গাপূজার আবহে ঐতিহ্যবাহী বাঙালি সাজে ভক্তদের মুগ্ধ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অফহোয়াইট শাড়ি, চুলে বেলি ফুলের গাজরা আর মিষ্টি হাসিতে প্রকাশ করা নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুর্গাপূজার ষষ্ঠীর দিনে ভিডিওটি প্রকাশ করেন জয়া। এর সঙ্গে ভক্তদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘উৎসব থাকুক চোখের তারায়, হাসিতে আর গল্পে; সবাইকে শারদীয়া শুভেচ্ছা।’
ভিডিওতে জয়ার পরনে ছিল গোলাপি নকশার পাড়যুক্ত অফহোয়াইট শাড়ি। সঙ্গে মানানসই ব্লাউজ, ভারী কানের দুল ও হাতের অলংকার। চুলের বেলি ফুলের গাজরা তাঁর সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।
কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হাসছেন, কখনো শাড়ির আঁচল সামলাচ্ছেন, আবার কখনো চুলের ফুল ঠিক করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। পুরো ভিডিওজুড়ে তাঁর সাবলীল উপস্থিতি ও অভিব্যক্তি তৈরি করেছে উৎসবমুখর পরিবেশ।
ভিডিওতে ব্যবহার করা হয়েছে পুরোনো বাংলা গান ‘তোমারই আছি’। গানের সুরের সঙ্গে জয়ার ঐতিহ্যবাহী সাজ মিলিয়ে ভিডিওটি পেয়েছে নান্দনিক আবহ। প্রকাশের পর তাঁর অনুরাগীদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে এটি।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও ব্যক্তিত্বের বৈচিত্র্যময় উপস্থাপনার জন্যও পরিচিত জয়া আহসান। কখনো আধুনিক, কখনো ঐতিহ্যবাহী পোশাকে ভিন্ন রূপে হাজির হয়ে নিয়মিতই ভক্তদের আকর্ষণের কেন্দ্রে থাকেন এই অভিনেত্রী।
