চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে মো. শাহাদাত হোসেন (৩৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রশিদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহাদাতকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রশিদাবাদ গ্রামের আমির হোসেনের পরিবারের সঙ্গে একই এলাকার আবুল বশর ও তার অনুসারীদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বাগ্বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, পূর্ববিরোধের জেরে শুক্রবার সকালে কামরুল হাসানের নেতৃত্বে একটি পক্ষ হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গেলে ব্যবসায়ী শাহাদাত হোসেনের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে তাঁকে দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আহত শাহাদাত হোসেন বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পটিয়া থানার ডিউটি অফিসার এসআই আতাউর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
যে আই
