ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে গভীর রাতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে হুমায়ুন কবির, মো. ইউনুস ওরফে টিপু ও ফজলুল করিম শহীদ গংদের বিরুদ্ধে। এতে দুই বাড়ির বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিথলিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বসতবাড়িতে যাতায়াত, বাড়ির সামনের প্লট ব্যবহার এবং মসজিদ ও মাদ্রাসায় যাওয়ার জন্য পথটি ব্যবহার করে আসছেন। যাতায়াতের সুবিধার্থে জমির মালিক কুয়েতপ্রবাসী জসিম উদ্দিন ওই পথ দিয়ে চলাচলের অনুমতি দিয়েছিলেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে ফজলুল করিম শহীদ গংরা বহিরাগত লোকজন নিয়ে শনিবার গভীর রাতে বসতবাড়ির প্রধান প্রবেশপথের গেটের সামনে ইট-সিমেন্ট দিয়ে দেয়াল নির্মাণ শুরু করেন। এতে দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের পথটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়।
বিষয়টি পরশুরাম মডেল থানা পুলিশকে জানান বাড়ির মালিক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
ইয়াসিন চৌধুরী অভিযোগ করেন, অভিযুক্তরা জমির মালিক না হয়েও গায়ের জোরে রাতের অন্ধকারে দেয়াল নির্মাণ করছেন। এতে পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং দীর্ঘদিনের ব্যবহৃত পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। এ নিয়ে ভবিষ্যতে বড় ধরনের বিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও প্রকাশ করেন তিনি। দেয়াল অপসারণ, চলাচলের পথ উন্মুক্ত রাখা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইতালিপ্রবাসী ফজলুল করিম শহীদ বলেন, নিজেদের জায়গায় দেয়াল তুলে গাড়ি রাখার ব্যবস্থা করা হচ্ছে। ইয়াসিন চৌধুরী গংদের ফেনী-পরশুরাম সড়কের দিকে চলাচলের রাস্তা রয়েছে, কিন্তু তারা অন্য কাউকে সেই পথে চলাচল করতে দেন না। নিজেদের প্রয়োজনে নিজেদের জায়গায় কাজ করছেন বলেও দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দা আবু তালেব, মোহাম্মদ লিটন ও মোহাম্মদ সফি মজুমদার বলেন, স্বাধীনতার আগে থেকেই ওই এলাকায় চলাচলের পথ ছিল, যা স্থানীয় চৌধুরী বাড়ির লোকজনের উদ্যোগে ব্যবহৃত হয়ে আসছে। তাদের অভিযোগ, শহীদ গংরা গভীর রাতে বহিরাগত লোকজন দিয়ে দেয়াল নির্মাণ করে পথটি বন্ধ করে দিয়েছেন। রাতের আঁধারে এভাবে পথ বন্ধ করা ঠিক হয়নি উল্লেখ করে তারা চলাচলের পথটি খুলে দেওয়ার দাবি জানান।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, চিথলিয়া গ্রামে চলাচলের পথ বন্ধ করে গভীর রাতে দেয়াল নির্মাণের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে। জমি-সংক্রান্ত বিরোধ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে বলে জানান তিনি।
এমএস/
