আগামী শুক্রবারের (২৩ অক্টোবর) মধ্যে বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি ঘনীভূত হওয়ারও আশঙ্কা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে দুদিন দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বর্ধিত ৫ দিনে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় এখন ভ্যাপসা গরম বিরাজ করছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এর বর্ধিতাংশ রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। আগামী শুক্রবারের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার থেকে রোববার (২৩ থেকে ২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এই তিন দিনের মধ্যে শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার তাপমাত্রা কিছুটা কমতে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সন্দ্বীপে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিআলো/শিলি