সংবাদ · সাধারণ
৩ লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
২১/১০/২০২৬

যুক্তরাষ্ট্রে তিন লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই মূলত এসব ভিসা বাতিল করেছে দেশটি। স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি নাগরিকদের লক্ষ্য করেই এ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভিসাধারীদের যুক্তরাষ্ট্রের কঠোর আইন মেনে চলার সতর্কবার্তাও দিয়েছে ওয়াশিংটন।বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ভিসা বাতিলের এই তথ্য নিশ্চিত করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘৩ লাখের বেশি ভিসা বাতিল হয়েছে এবং এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট–যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, নইলে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।’তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে সবসময়ই আমাদের দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তাকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে।’ এ সময় হোয়াইট হাউসের একটি পোস্টও সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত করেন নামদার। ওই পোস্টে দাবি করা হয়, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্য যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে সবচেয়ে বেশি ভিসা বাতিল করেছে।এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারেন–এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিলের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ‘ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন ভাঙলে, জালিয়াতি করলে কিংবা আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।’/
মূল প্রতিবেদনে যান ↗