প্রকাশিত: ১৬:১৫, ১৮ অক্টোবর ২০২৬
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শান্তা আক্তার জুঁই
বাগেরহাটের শরণখোলায় শান্তা আক্তার জুঁই (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খানম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত জুঁই শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের আনোয়ার হাওলাদারের স্ত্রী। আনোয়ার হাওলাদার কুয়েত প্রবাসী। এই দম্পতির ১১ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, স্বামী প্রবাসে থাকাকালে অন্য ব্যক্তির সঙ্গে জুঁইয়ের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক। তবে তার পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুঁই স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকেয়া খানম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ঘটনার পেছনের পরিস্থিতি এবং অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
