বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হানিট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে এক ভুক্তভোগীর খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর নির্দেশনায় ডিবি পুলিশের বিশেষ দল এসব অভিযান পরিচালনা করে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধূপতি এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা, মাদক বিক্রির ৬৪০ টাকা, একটি ব্যাটারিচালিত মিশুক ও দুটি বাটন মোবাইল ফোনসহ স্বপন (২৮) ও তারেক (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মোল্লা মো. জামাল উদ্দিন।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে কেওড়াবুনিয়া ইউনিয়নের জাকিরতবক এলাকায় কাওসার স্টোরের সামনে চেকপোস্ট পরিচালনা করে রুবেল সিকদার (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ দশমিক ৯ কেজি গাঁজা, ৯ পিস ইয়াবা, একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. মঞ্জুরুল হাসান।
এদিকে, বরগুনা সদর থানা এলাকায় পৃথক অভিযানে হানিট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসআই মো. গোলাম হাফেজের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এক ভুক্তভোগীর খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি চক্রের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় বরগুনা থানায় মামলা হয়েছে।
এ ছাড়া জাকিরতবক এলাকায় পৃথক চেকপোস্টে গাঁজাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে পাঠানোর কথা জানানো হয়।
বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক, ব্ল্যাকমেইলিং ও প্রতারণার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক সরবরাহে জড়িত জেলার বাইরের ব্যক্তিদেরও আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদক থেকে অর্জিত অর্থ আইনগত প্রক্রিয়ায় জব্দ করার কার্যক্রম চলছে। মাদক ও প্রতারণাসংক্রান্ত অপরাধের তথ্য নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে জানানোর আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।
The post বরগুনায় ডিবির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৫, হানিট্র্যাপ চক্রের ২ সদস্য আটক appeared first on ভোরের চেতনা.
