দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০২৭ সালে ফের দেশের মাটিতে গান গাইতে চলেছেন অরিজিৎ সিংহ। গানের জগতে তাঁর কুড়ি বছরের সফর উদ্যাপন করতে দেশ জুড়ে ন’টি শহরে অনুষ্ঠান করবেন গায়ক। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হবে এই সফর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। তবে মুম্বইয়ের অনুষ্ঠানের টিকিটের দাম প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে দামি টিকিটের মূল্য ১১ লক্ষ ৮০ হাজার টাকা!
আগামী ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে গান শোনাবেন অরিজিৎ। আর সেখানেই থাকছে এক বিশেষ বসার জায়গা, যার নাম ‘দ্য রেসিডেন্স টেবিল’। ১৫ জন শ্রোতা এই জায়গায় বসতে পারবেন। এই এলাকার টিকিটেরই দাম ১১ লক্ষ ৮০ হাজার টাকা।
কী কী থাকছে এই বিশেষ ব্যবস্থায়? আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, থাকছে বসার ব্যবস্থা-সহ আলাদা টেবিল, বিশেষ পানীয়, পছন্দমতো খাবারের আয়োজন, আলাদা করে পানীয় পরিবেশনের ব্যবস্থা এবং নিজস্ব শৌচাগার। এর পাশাপাশি থাকবে দ্রুত প্রবেশ ও বেরোনোর সুবিধা, নির্দিষ্ট গাড়ি রাখার জায়গাও। সব মিলিয়ে গানের অনুষ্ঠানের পাশাপাশি বিলাসবহুল আতিথেয়তার ব্যবস্থাও থাকছে।
পানীয়ের আয়োজনও নেহাত কম নয়। এই বিশেষ টিকিটে মিলবে পাঁচ বোতল উন্নত মানের পানীয়, দু’টি দামি পানীয়ের বোতল, একাধিক বিয়ারের বোতল। ফলে শুধু গান শোনা নয়, একেবারে আলাদা পরিষেবা পাওয়া যাবে এই জায়গায় বসলে।
টিকিটের দাম শুনে ইতিমধ্যেই নেটাগরিক আইফোনের দামের সঙ্গে তুলনা করা শুরু করেছেন। একটি আইফোন ডুয়োর দাম যেখানে ২ লক্ষ ৯৯ হাজার ৯০০ টাকা, সেখানে এই বিশেষ টিকিটের দাম দিয়ে প্রায় তিনটি আইফোন ডুয়ো কেনা সম্ভব! প্রশ্ন উঠছে, অরিজিতের গানের আসরে এমন বিপুল অর্থ খরচ করতে কত জন আগ্রহী?
তবে সকলের জন্যই যে টিকিটের দাম এতটা বেশি, তা নয়। সাধারণ দর্শকদের জন্যও রয়েছে একাধিক ব্যবস্থা। দাঁড়িয়ে অনুষ্ঠান দেখার জন্য রুপোলি বিভাগের টিকিটের দাম শুরু হচ্ছে ৩৯৯৯ টাকা থেকে। সোনালি বিভাগের টিকিটের দাম ৭৪৯৯ টাকা। প্ল্যাটিনাম বিভাগের টিকিটের দাম ৯৯৯৯ টাকা থেকে ১৭,৪৯৯ টাকা পর্যন্ত।
জানুয়ারি মাসে অহমদাবাদ থেকে শুরু হবে অরিজিতের এই সঙ্গীত সফর। ৯ জানুয়ারি প্রথম অনুষ্ঠান। তার পরে ২৩ জানুয়ারি চণ্ডীগড় এবং ৭ ফেব্রুয়ারি জয়পুরে গান শোনাবেন তিনি। ২০ ফেব্রুয়ারি মুম্বইয়ের অনুষ্ঠান শেষ হলে ১৩ মার্চ বেঙ্গালুরু এবং ২৭ মার্চ নয়াদিল্লিতে পৌঁছোবেন গায়ক। জানুয়ারি থেকে মে মাসের মধ্যে মোট ন’টি শহরে অনুষ্ঠান করার কথা তাঁর।
এই সফর ঘিরে অনুরাগীদের উৎসাহের আরও একটি কারণ রয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে আচমকাই প্লেব্যাক গান থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন অরিজিৎ। সেই ঘোষণায় চমকে গিয়েছিলেন তাঁর অসংখ্য অনুরাগী। তার পরে দেশের মঞ্চে কোনও একক অনুষ্ঠান করেননি অরিজিৎ। তাই অরিজিতের এই সঙ্গীত সফর নিয়ে অনুরাগীদের উচ্ছ্বাস তুঙ্গে।
