ময়মনসিংহের নান্দাইলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা সহজে নিশ্চিত করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক সুযোগ-সুবিধা পাচ্ছে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি তাঁদের নিজস্ব মোবাইল অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাবেন। এই টাকা দিয়ে নারীরা নিজেদের চিকিৎসা, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও পারিবারিক প্রয়োজন মেটাতে পারবেন, যা তাঁদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলবে।
কার্ড প্রদানে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী জানান, তথ্য সংগ্রহকারীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে এ তথ্য সংগ্রহ করবেন। এর জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ ও ফরম পূরণের সময় স্বাক্ষর বা টিপসই দেওয়ার ক্ষেত্রে পরিবারের অন্য কোনো সদস্যকে সঙ্গে রাখা ভালো।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূইয়া মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী স্থানীয় এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তাঘাট সংস্কারে সরকারের নেওয়া নানা উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।
জেএইচআর
