কালবেলা · রাজনীতি
বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে: টুকু
১৫/১০/২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশে বিএনপির বিজয়ের পেছনে হিন্দুদের বড় অবদান আছে। এটা আমি বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করেন। বিএনপির সবাই বিশ্বাস করে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরস্থ আল মাহমুদ অ্যাভিনিউয়ে নিজ বাসভবনে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমি ৪৩ হাজার ভোটে জিতেছি, তার মধ্যে ২০ হাজার ছিল হিন্দু সম্প্রদায়ের ভোট। আমি বলেছিলাম হিন্দুদের ভোট নিয়েই ছাড়বো- ইনশাল্লাহ আমরা সেটা নিয়েছি। আমি আগে যেসব কেন্দ্রে জিততে পারিনি, সেখানে হিন্দুদের ভোটেই জিতেছি। আপনারা এবার দলে এসেছেন, আপনাদের ধরে রাখার দায়িত্ব আমাদের। আমরা গত ৭ মাসে আপনাদের জন্য যা করেছি, ১৫ বছরেও তারা তা করতে পারেনি। আমরা দৃষ্টান্ত স্থাপন করবো, একটা সরকার প্রধান পূজামণ্ডপে ঘুরে বেড়াবেন।’
এ সময় মন্ত্রী আরও বলেন, ‘আমরা পূজা নিয়ে অস্থির এ জন্যই এখন কেউ কাউকে মানতে চায় না। আমরা স্কুলে ঢোকার পরে যে কবির কবিতা পড়েছি, সেই কবির চেহারায় কালি দিচ্ছে-তাদের দেখে শিক্ষিতই মনে হয়। আমাদের সবারই মনে আছে- আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা পড়েছি। উনারা বলছে তিনি নাকি স্বাধীনতাবিরোধী, আরে রবীন্দ্রনাথ ঠাকুর কবে মারা গেছে- তিনি নাকি স্বাধীনতাবিরোধী। এ ধরনের মনোবৃত্তি মানুষের সৃষ্টি হয়েছে। এদের প্রতি তীক্ষ্ণ নজর রাখা উচিত।’
তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কেউ যেন কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।’
এ সময় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗