কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহে আবারও রক্ত ঝরলো। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মজিবুল ইসলামের বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাই রবিউল ইসলামের সঙ্গে বড় ভাই এর বিরোধের সূত্রপাত হয়। এরই জের ধরে শনিবার দুপুরে দুই ভাইয়ের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে উভয় পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের একপর্যায়ে ছোট ভাই রবিউল ইসলামের লাঠির আঘাতে মজিবুল ইসলাম এবং তাঁর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মজিবুল ইসলামের মৃত্যু হয়। আহত স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলাম পালিয়ে যান। পরে তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন প্রাণহানির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

