সংবাদ বিজ্ঞপ্তি · ২০ অক্টোবর, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
সিলেট নগরের দাড়িয়াপাড়ায় চৈতালী সংঘের শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস। সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে তিনি মণ্ডপ পরিদর্শনে যান। এ সময় তার সহধর্মিনীও সঙ্গে ছিলেন।
চৈতালী সংঘের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মণ্ডপে পৌঁছালে অনিরুদ্ধ দাস ও তার সহধর্মিনীকে স্বাগত জানান সংঘ ও পূজা উদযাপন কমিটির নেতারা। পরে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন ভারতের সহকারী হাইকমিশনার।
অনিরুদ্ধ দাস বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি সম্প্রীতি, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলা। সিলেটের চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ দেখে তিনি অভিভূত হয়েছেন।
তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে যুক্ত। এ ধরনের ধর্মীয় উৎসব দুই দেশের মৈত্রী ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা কয়লা ও পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো. আতিক হোসেন, সিলেট লায়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু তাহের এবং লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির সাবেক সভাপতি সাজুওয়ান আহমদ।
চৈতালী সংঘের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সুজিত দে, বিশেষ উপদেষ্টা গোবিন্দ রায় ও রতন বণিক, উপদেষ্টা উত্তম চৌধুরী ও নিহার রঞ্জন দাস বাচ্চু, সভাপতি অশেষ কর, সহসভাপতি গৌতম বণিক ও মদন মোহন কর্মকার, সাধারণ সম্পাদক চন্দন সাহা, সহসাধারণ সম্পাদক নির্মল রায় রাজা এবং অর্থ সম্পাদক পংকজ দাস।
এ ছাড়া পূজা অর্চনা ও পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক বিপ্রজীত দত্ত বিরাজ, যুগ্ম আহ্বায়ক বিশাল রুদ্র সেন এবং প্রসাদ বিতরণ উপ-পরিষদের আহ্বায়ক কেশব সেন উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
