রাজশাহী মহানগরীর একটি ভবনের ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার হয়েছে। ওই ফ্ল্যাটে দরজার বাইরে থেকে তালা দেওয়া ছিল। পুলিশের ধারণা, নিহত বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এরপর গেটে তালা লাগিয়ে চলে গেছে দুর্বৃত্তরা।
রবিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর রামচন্দ্রপুর কেদুর মোড় এলাকায় অবস্থিত বেলী ভিলার নামে তিনতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার হয়। তিনি সেখানে একাই বসবাস করতেন। বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়। তার সন্তানরা বিদেশে বসবাস করেন।
নিহত নারীর নাম বেলী বেগম (৭০)। তিনি ওই এলাকায় মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, গত দুদিন থেক মায়ের সন্ধান পাননি তার সন্তানরা।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মোস্তারী জানান, মায়ের খোঁজ না পেয়ে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে জানান সন্তানরা। ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, মেঝেতে রক্তাক্ত অবস্থায় বেলী বেগমকে পড়ে আছেন। তার ডান বাহুতে জখমের চিহ্ন ছিল।
তিনি জানান, পরিচিত অথবা অজ্ঞাত কেউ ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে ফ্ল্যাটের দরজায় তালা লাগিয়ে চলে যায় বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে, জিজ্ঞাসাবাদের জন্য তার তিন প্রতিবেশীকে থানায় নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, হত্যাকাণ্ডে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। নিহত বেলী বেগমের মরদেহ রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
