পুজো মানেই প্রতিদিন নতুন নতুন শাড়ি, পোশাক। সাজগোজ করে বাইরে বেড়াতে যাওয়া। আর বেড়াতে যাওয়া মানেই খাওয়াদাওয়া হবে। খেতে গিয়েই যত বিপর্যয়। সাধের শাড়িতে তেঁতুল জল, এগরোলের সস পড়ে গেলেই মনখারাপ। এই বুঝি শাড়ি নষ্ট হয়ে গেল গেল রব। তবে কয়েকটি সহজ কৌশল জানা থাকলে ড্রাই ওয়াশ নয়, বাড়িতেই তোলা যাবে দাগ। আপনার শাড়ি থাকবে একেবারে নতুনের মতো।
যেকোনও দাগ তুলতে অব্যর্থ ভিনিগার। তাই শাড়ির দাগ তুলতে একটি পাত্রে সমপরিমাণ জল ও ভিনিগার নিন। যেখানে দাগ লেগেছে সেখানে স্প্রে করুন। তারপর তুলো কিংবা নরম কাপড় দিয়ে ঘষে নিন। ঠান্ডা জলে কাপড় ভিজিয়ে এবার ওই দাগটা মুছে নিন। শাড়িটি ভালো করে শুকিয়ে নিন।
বেকিং সোডার পেস্ট দিয়েও শাড়ির দাগ তোলা সম্ভব। কীভাবে ব্যবহার করবেন। একটি পাত্রে বেকিং সোডা নিন। ঠান্ডা জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার দাগ লাগা অংশে ব্রাশ দিয়ে ঘষে নিন। আধঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর হালকা হাতে ঘষে ঠান্ডা জলে ভেজানো কাপড় দিয়ে মুছে ফেলুন। তাতেই কাপড় থাকবে একেবারে নতুনের মতো।

কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য:
- শাড়িতে ভিনিগার কিংবা বেকিং সোডার মিশ্রণ দেওয়ার আগে ভিতরের দিকে লাগান। রং নষ্ট হচ্ছে কিনা, দেখে নিন। তারপরই ওই দাগ লাগা অংশে লাগান।

- তবে দাগ লাগা শাড়ি বেশিদিন ফেলে রাখবেন না। চেষ্টা করুন সঙ্গে সঙ্গে পরিষ্কার করে ফেলার।
- সিল্ক জাতীয় শাড়ি বেশি ঘষবেন না। তাতে ওই জায়গাটির রং নষ্ট হতে পারে।
- দাগ প্রাথমিকভাবে তুলে নিলেও ড্রাই ওয়াশ করাতে দিতে ভুলবেন না।
