সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর নিউমার্কেট এলাকার গ্লোব শপিং সেন্টার দোকানে হামলা, দখল, মালামাল লুট এবং দোকানদার ও মার্কেট ম্যানেজারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়। অভিযুক্ত তিন নেতা হলেনÑ ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাগর খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম, সদস্য শেখ পারভেজ মোশাররফ এবং সাগর খানের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ পদ স্থগিতাদেশের সিদ্ধান্ত অনুমোদন করেন।
অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর আছিল ভেলর নামের দোকানে হামলা করা হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ছাত্রদলের একদল নেতাকর্মী দোকান ভাঙচুর করছেন। একপর্যায়ে দোকানের ভাড়াটিয়া আমিনুল ইসলাম ও তার ছেলেকে মারধর করা হয়। এ সময় ঘটনাস্থলে মার্কেটের ম্যানেজার জুয়েল রানা এলে তাকেও কিল-ঘুষি মারা হয়। একই সঙ্গে দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা যায় ফুটেজে। এ ঘটনায় মার্কেটের ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দোকান মালিক কর্তৃপক্ষ।