Published on
:
1 min read
এই সময়: স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) নিয়ে বিতর্কের মধ্যেই বুথ লেভেল অফিসারদের (বিএলও) অ্যাপে নতুন অপশন নিয়ে বিতর্ক শুরু হলো। বৃহস্পতিবার এই নতুন অপশন দেওয়া হয়েছে বিএলও অ্যাপে। তাতে ভোটারদের জমা দেওয়া আপিলের সমর্থনে প্রয়োজনীয় প্রমাণপত্র বা নথি অপলোড করার কথা বলা হয়েছে।
এর পরেই বিভিন্ন মহল থেকে ব্যাখ্যা দেওয়া হয়, পশ্চিমবঙ্গের যে সমস্ত ভোটার ‘সার’ প্রক্রিয়ায় নাম বাদ পড়ায় ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন, তাঁরা এখন বিএলও–দের মাধ্যমে অতিরিক্ত নথি জমা দিতে পারবেন। যদিও রাজ্যের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, ‘এই মুহূর্তে এ নিয়ে কিছু মন্তব্য করব না। কারণ রাজ্যে এখনও দুর্গাপুজোর ছুটি চলছে। তাই বিএলও-রা এই কাজ করছেন না। ছুটি শেষ হলে নির্বাচন কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে বিএলও–দের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা হবে। তখনই বিষয়টি পরিস্করা হবে। কারণ এ রাজ্যেই একমাত্র বাদ পড়া ভোটারদের মামলা বিচার করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।’
ভোটকর্মী এবং বিএলও ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, ‘বিএলও–দের অ্যাপে নতুন করে যে অপশন দেওয়া হয়েছে, সেটি যে যাঁরা আপিল করেছেন তাঁদের ডকুমেন্ট অপলোড করার জন্যই, সে বিষয়টি স্পষ্ট নয়।’ এ নিয়েই জটিলতা তৈরি হয়েছে। প্রসঙ্গত কমিশন চাপে পড়ে আগেই স্পষ্ট করেছিল, ডিলিটেড ভোটার অর্থাৎ বিবেচনাধীন যাঁরা নন, তাঁরা ফর্ম ৬ পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিএলও–দের অ্যাপে যে নতুন অপশন দেওয়া হয়েছে, তাতে ডিলেটেড ভোটার যাঁরা আবেদন করবেন, তাঁদের নথি বিএলও-রা আপলোড করতে পারবেন।