যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আনন্দঘন একটি রাত কাটিয়েছেন ঢাকাই শোবিজের চার তারকা—নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী তমা মির্জা, সামিরা খান মাহি ও তানজিয়া জামান মিথিলা। হাতে পুরস্কারের ট্রফি, মুখে হাসি আর বন্ধুদের সঙ্গে উদযাপনের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন তাঁরা।
গত ১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬’-এ অংশ নেন এই চার তারকা। অনুষ্ঠানে প্রত্যেকেই পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে। পুরস্কার হাতে শহরের ঝলমলে রাতের আলোয় একসঙ্গে ছবিও তোলেন তাঁরা।
অভিনেত্রী সামিরা খান মাহি ছবিগুলো প্রকাশ করে লেখেন, নিউইয়র্কে অর্জন, বন্ধুত্ব ও সুন্দর স্মৃতি উদযাপনের এই রাত তাঁর কাছে বিশেষ হয়ে থাকবে।
অন্যদিকে তমা মির্জা জানান, বাংলাদেশ থেকে নিউইয়র্কে একসঙ্গে প্রথম বিদেশ ভ্রমণ, পুরস্কার গ্রহণ এবং বন্ধুদের সঙ্গে অর্জন উদযাপনের অভিজ্ঞতা তাঁর জন্য আনন্দের।
তমা, মাহি ও মিথিলার বন্ধুত্ব দীর্ঘদিনের। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাঁদের একসঙ্গে কাটানো মুহূর্ত দেখা যায়। অন্যদিকে নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তমা মির্জা।
